ইয়া আল্লাহ! জানি না কত ভুল করেছি,
জানে না মন, কত পাপের চাদর গায়ে জড়িয়েছি।
কত মানুষের হৃদয়ে দিয়েছি ব্যথার আঁচ,
কত ওয়াক্ত ফুরালো—তবু যায়নি তোমার হুকুমের পাছ।
গীবতের ছুরিতে ক্ষত করেছি ভাইয়ের পিঠে ,
হৃদয় হিংসার আগুনে জ্বলেছে নিঃসৃত নিঃশব্দে ।
তোমার দেয়া জীবন, অথচ তোমাকেই কত অবহেলায় রেখেছি,
আসতাগফিরুল্লাহ্—তোমার পথ ছেড়ে চলে গেছি !
মনে পড়ে সূরা আয-যুমারের সেই আয়াতটা -
“হে আমার বান্দারা!
নিজেদের প্রতি যুলুম করেছো তোমরা, তাই না,
তবুও আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয়ো না।”
ইয়া রব্! আমায় বদলে দাও, করে দাও নরম এই হৃদয়,
তোমার প্রেমে ভরে উঠুক মন—হোক তাওবার বৃষ্টির পরশময়।
তুমি হেদায়েত দাও, তুমি নূর দাও, তুমি আলো,
জীবন হোক তোমার পথে আমার—নিখুঁত ও পবিত্র ভালো।
নবীজি (সা.) যেন হোক আমার আদর্শের ছবি,
ভালোবাসা হোক তাঁর মতো আমার অন্তরকাব্যের কবি।
ইসলামের প্রেমে ভরে উঠুক আমাদের সবার প্রাণ,
প্রতি আমলে আসুক তোমার নাম, ভুলে অভিমান।
ইয়া আল্লাহ! বিপদ আসার আগেই দাও রক্ষা,
বদনজর আর শয়তান থেকে বাঁচার কব্জা ।
বান্দার হক যেন আদায় হয় আমার হাতেই,
তোমার হক মাফ করো তোমার মতেই ।
গরিবের মুখে হাসি ফুটুক আমার দানে
সাহায্যের হাত বাড়ুক সকল নিরাশার প্রাণে।
হজের ডাকে একবার সাড়া দিতে আমায় দাও,
তাওহীদের ঘরে ফিরে যেতে তুমি সুযোগ দাও।
আমার মা-বাবা, আত্মীয়, বন্ধুরা থাকুক শান্তির ছায়ায়,
সব সম্পর্ক গড়ে দাও কোমলতায় ও হেদায়েতের মায়ায়।
আমার ঈমান করো মজবুত পাহাড়সম কঠিন,
তওবার অশ্রুতে ধুয়ে যাক অন্তরের কালি-আমীন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন